নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য আজ রবিবার (১ মার্চ) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নারী ও শিশু সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বেলা ৩টায় এ সমাবেশ শুরু হবে।
স্বাধীনতার স্মৃতিবিজড়িত শিখা চিরন্তন প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শপথ নেওয়া হবে আজকের এই সমাবেশ থেকে। ১৪ দলের আহ্বায়ক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এই সমাবেশে সভাপতিত্ব করবেন।
এতে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মতিয়া চৌধুরী। ১৪ দলের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াসহ শরিক দলের নেতারা এ সমাবেশে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন সেক্টরের নারী নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
মোহাম্মদ নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আমরা মুজিববর্ষের এই মুহূর্তকে বেছে নিয়েছি। মহান স্বাধীনতা আন্দোলনের প্রথম দিন ১ মার্চ সব পেশাজীবী মানুষ, স্বাধীনতার পক্ষের সব শক্তি, নারী-পুরুষকে বেলা ৩টায় শিখা চিরন্তনের সামনে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
ছবি: নাসিরুল ইসলাম