ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী ও দলটির ধানমন্ডি থানা শাখার সভাপতি শেখ রবিউল আলম রবির হয়ে নির্বাচন পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন। বিশেষ এই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে।
মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত দলের প্যাডে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আহ্বায়ক কমিটির বাকি সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার, শিক্ষা বিষয়ক সহসম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম ও প্রকৌশলী ইশরাক হোসেন।
মির্জা ফখরুল জানিয়েছেন, ‘কমিটি প্রয়োজন মোতাবেক একাধিক সদসকে কো-অপ্ট করতে পারবে।’
উল্লেখ্য, আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী ধানমন্ডি থানা শাখার সভাপতি শেখ রবিউল আলম রবি। এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলে নূর তাপস, যিনি ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তার পদত্যাগের কারণে আসনটি শূন্য হলে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।