করোনা ভাইরাস: সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান ওয়ার্কার্স পার্টির

ওয়ার্কার্স পার্টি

করোনা ভাইরাস নিয়ে জাতীয়ভাবে সচেতনতা সৃষ্টি করতে আলোচনার জন্য জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান। তিনি জানান, বুধবার (৪ মার্চ) পলিটব্যুরোর সান্ধ্যকালীন অধিবেশনে উপরোক্ত প্রস্তাব গৃহীত হয়।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস এখন বিশ্বে মহামারী রূপে দেখা দিয়েছে। চীনের উহান প্রদেশে প্রথম বহিঃপ্রকাশ ঘটলেও বিজ্ঞানীরা এখনও এর উৎস বা কারণ জানতে পারেনি। এখনও পর্যন্ত এর প্রতিষেধক ওষুধ আবিষ্কার হয়নি। ফলে এই রোগ বিস্তারের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাই একমাত্র উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ এব্যাপারে কার্যকর প্রতিরোধের নানাবিধ ব্যবস্থা গ্রহণ করলেও, বাংলাদেশে এ সম্পর্কে যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে— তা নিতান্ত অপ্রতুলই নয়, কার্যত অনুপস্থিত।’

প্রস্তাবে এও বলা হয়,  ‘স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব বিভাগ এ বিষয়ে সার্বক্ষণিক সজাগ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে ডেঙ্গু পরিস্থিতির মতোই ব্যর্থতায় পরিচয় দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুর ক্ষেত্রে যেমন উপেক্ষা-উপহাসের মনোভাব দেখিয়ে ছিলেন, এক্ষেত্রেও তাই। দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে আগমনী যাত্রীদের পরীক্ষা করার ব্যবস্থা কার্যত অনুপস্থিত।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসকে কেন্দ্র করে পশ্চিমা প্রচার মাধ্যমের অনুসরণে চীনবিরোধী প্রচার এখন তুঙ্গে। ‘করোনা ভাইরাস আক্রান্তদের গুলি করে মেরে ফেলা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে’, ইউটিউবে এ ধরনের তৈরি করা ভিত্তিও-র ছড়াছড়ি। অন্যদিকে ধর্ম ব্যবসায়ী মোল্লারা একে চীন ও কমিউনিস্ট বিরোধিতার বিষয় হিসেবে ওয়াজে, ইউটিউবে যথেচ্ছা প্রচার করছে।

এই অবস্থায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনে করে, এধরনের মহামারী প্রতিরোধে বিজ্ঞানীদের প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা দেওয়া এবং এর বিস্তৃতি রোধে সব ধরনের কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অথচ এ ক্ষেত্রে বাংলাদেশ কেবল পিছিয়েই নেই, কিছুটা হলেও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। এটা অব্যাহত থাকলে ঘনবসতিপূর্ণ বাংলাদেশকে চরমমূল্য দিতে হবে, বলে সতর্ক করা হয় প্রস্তাবে।

কামরুল আহসান জানান, দলের পলিটব্যুরোর এই সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রস্তাবটি উত্থাপন করেন।আলোচনায় অংশ নেন পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক প্রমুখ।