সোমবার (১৩ এপ্রিল) বিকালে হাতধোয়ার বেসিন উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে স্কাইপেতে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তেজগাঁও এলাকায় দৈনিক দিনকালের কার্যালয়ের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৌশলীরা হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করেন। ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় এই কর্মসূচির আওতায় তিনশ’র বেশি বেসিন স্থাপন করে জনসাধারণের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
করোনাভাইরাস সংক্রামণ মোকাবিলায় সরকারের অবহেলা-অজ্ঞতায় কারণে চরম ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই যে চরম একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা তৈরির একমাত্র কারণ হচ্ছে- সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা। অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি, যে কীভাবে এই সংকট মোকাবিলা করতে হয়।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা দেখছি জেলাগুলোতে যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের পরীক্ষার ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। জটিল, ভয়াবহ ও অমানবিক একটি পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছি।’
‘আসুন আজ আমরা যে যেখানে আছি, যে যতটুকু পারি, যেভাবে পারি, তাই নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি’, যোগ করেন তিনি।
করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর প্যাকেজ পুরোপুরিভাবে বিত্তশালীদের জন্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা বিভিন্ন ব্যাংকের সঙ্গে জড়িত, বিভিন্ন গার্মেন্টসের সঙ্গে জড়িত তাদের জন্য এই প্যাকেজগুলো করা হয়েছে, তাও শুধুমাত্র ঋণের জন্য। আমরা দেখেছি এই প্যাকেজটা একটা ব্যাংক ঋণের প্যাকেজ। সাধারণ মানুষের জন্য কোনও বরাদ্দ দেখতে পারছি না। পত্রিকাগুলোতে দেখছি ১০ টাকা কেজি চাল দেওয়া হচ্ছিলো গরীব লোকের জন্য, কিন্তু তা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের ঘরে …. ।
গার্মেন্টস কারখানার শ্রমিকরা প্রাপ্য বেতন পাচ্ছেন না উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের বেতন না দিয়ে পেটানো হচ্ছে। আজ এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।’
করোনাভাইস সংক্রমণ থেকে রক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশান দিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন। তবে এ অবস্থাতেও ভাইরাস থেকে পরিত্রাণে দেশবাসীর জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী মাহবুব আলম, আসাদুজ্জামান চুন্নু, আশরাফ রেজা ফরিদী, উমাশা উমায়ুন মনি চৌধুরী, কামরুল হাসান সাইফুল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান প্রমুখ।