মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
করোনা সংকট কোনও রাজনৈতিক ইস্যু নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারকি করছেন। এ সময় আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন।’
করোনা সংকটকালে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্যধারণের কোনও বিকল্প নেই। আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন।’
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। লড়াইয়ে আমাদের জিততে হবে। জনগণকে বলবো এই সংকটকালে নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। জয় আমাদের হবেই, ইনশাল্লাহ।’
ওবায়দুল কাদের ফ্রন্টলাইনে থেকে যারা কাজ করছে ডাক্তার নার্স টেকনোলজিস্ট, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, গণমাধ্যম এবং জরুরি সার্ভিসে, তাদের সবাইকে ধন্যবাদ জানান।
রমজান মাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সংযমের মাস চলছে। ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’