স্বাস্থ্য খাতে দুর্নীতি, করোনা চিকিৎসা নিয়ে নানামুখী সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে আগামী ২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৬ জুন) জোটের অনলাইন বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সন্ধ্যার দিকে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
বাম জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনলাইন বৈঠকে জোটের নেতারা তিনটি কর্মসূচির সিদ্ধান্ত নেন। আগামী ২৮ জুন পাটকল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ, ৩০ জুন খুলনাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ ও ২ জুলাই স্বাস্থ্য খাতের দুর্নীতি, চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম জোট।
এ বিষয়ে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মিটিং শেষ হয়েছে। ২৮ জুন ও ৩০ জুন খুলনা, চট্টগ্রাম, নরসিংদী, ডেমরাসহ এসব এলাকায় বিক্ষোভ করবো। ২ জুলাই জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদসহ স্বাস্থ্য খাতের দুর্নীতি, চিকিৎসাসহ কয়েকটি ইস্যুতে বিক্ষোভ করবে বামজোট।’