‘অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে সালাম তালুকদার ছিলেন সামনের কাতারে’

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার গণআন্দোলনের সামনের কাতারে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব থাকাকালে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। এছাড়া ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত হয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় থেকেছেন গণআন্দোলনের সামনের কাতারে।’

বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন।

২০ আগস্ট আবদুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ফখরুল বলেন, ‘বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনকালে সালাম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। দুই মেয়াদে মন্ত্রী হিসেবেও তিনি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার ১৯৯৯ সালের ২০ আগস্ট ইন্তেকাল করেন। তার ২১তম মৃত্যুবার্ষিকীতে ফখরুল ইসলাম তার আত্মার প্রতি জানান গভীর শ্রদ্ধা।

তিনি আরও বলেন, ‘জনগণের নাগরিক অধিকার তথা বাক, ব্যক্তি, চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক। রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় থেকেছেন গণআন্দোলনের সামনের কাতারে।’

৮০’র দশকে স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে বিএনপির নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে ফখরুল বলেন, সালাম তালুকদার ছিলেন স্পষ্টবাদী, ঋজু ও নানা বিরোধিতার মুখেও নিজ কর্তব্যে দৃঢ় একজন উচ্চমার্গের রাজনৈতিক ব্যক্তি। তিনি এ দেশের রাজনৈতিক অঙ্গনে একজন মার্জিত ও সংস্কৃতবান রাজনীতিবিদ হিসেবে সমাদৃত ছিলেন।