আ.লীগ ২১ আগস্টের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে চেয়েছে: রিজভী

রুহুল কবির রিজভী (ফাইল ফটো)২০০৪ সালের ২১ আগস্ট বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ প্রকৃত অপরাধীদের আড়াল করতে চেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘কারণ, যারা বোমা হামলা করেছে, তারা আওয়ামী লীগেরই দোসর। বোমা হামলার ঘটনা ও পরবর্তী সময়ে আওয়ামী লাগ প্রভাবিত মামলার কার্যক্রমে সেটাই প্রমাণিত হয়। এই কারণেই তারা ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে।’’

রবিবার (২৩ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সমর্থক দেশি-বিদেশি এজেন্টরাই এই ভয়াবহ হামলার সঙ্গে জড়িত বলে জনগণের বিশ্বাস মন্তব্য করে রিজভী বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের প্রতি জনগণের সহানুভূতি সৃষ্টি করা এবং বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা। এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়।’

‘২১ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ার’, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘তাহলে আমিও বলি ২০০৯ সালে পিলখানা বিডিআর সদর দফতরের হত্যাকাণ্ডের দায়ও বর্তায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।’

রিজভী বলেন, ‘২১ আগস্ট সংক্রান্ত মামলায় ছয়বার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে আওয়ামী লীগের ঘরের ছেলে কাহার আকন্দকে অবসর থেকে ডেকে এনে এই মামলায় তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈনুদ্দীন-ফখরুদ্দীনের সরকারের সময়ও তদন্ত শেষে অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২১ আগস্ট বোমা হামলার মামলাকে রাজনীতিকীকরণ করেছে।’