নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে আ.লীগের নির্দেশ

ওবায়দুল কাদেরস্থানীয় সরকার নির্বাচনে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নির্বাচনে যাচাই-বাছাই করে শক্তিশালী ও স্বচ্ছ ইমেজের প্রার্থীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর আহ্বান জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) আওয়ামী লীগের গাজীপুর শাখার বর্ধিত সভায় তার বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন। এসব নির্বাচনে জয়ের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। দলের প্রার্থীর জয়ের জন্য যথাযথ প্রার্থী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়।  প্রার্থী নির্ধারণ সর্বসম্মত হতে হবে। তৃণমূলের প্রার্থীকে যাচাই বাছাই করেই দলের প্রধান কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই বলবো, শক্তিশালী এবং ক্লিন ইমেজের প্রার্থীর নাম প্রস্তাব করবেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর বিজয়ে কাজ করবেন।’ শক্তিশালী এবং গণমুখী সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে থাকতে হবে ঐক্যবদ্ধ। ছোট-খাটো বিষয়ে মতের অমিল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ হচ্ছে— অনতিবিলম্বে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে জেলা আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। পাশাপাশি শহর এবং পৌরসভা সংগঠনগুলোকেও মজবুত করতে হবে। বাড়াতে হবে জনসমর্থন।’ এ সময় জেলা সম্মেলনের আগে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার সম্মেলন অবশ্যই শেষ করতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

করোনাকালে গাজীপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।