সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে: কাসেমী



জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের' মিছিল ও সমাবেশ থেকে সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী।রবিবার (৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে মাওলানা কাসেমী বলেন, ‘শনিবার দেশের বিভিন্ন স্থানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী সংগঠন, দল, আলেম-উলামা ও মাদ্রাসার বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। তারা উল্লাস নৃত্যে ও বেপরোয়া শরীরী ভাষায় জ্বালাও-পোড়াও, জবাই করো, জুতা মারো স্লোগান দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে এমন নগ্ন উসকানি নজিরবিহীন।’
মাওলানা কাসেমী বলেন, ‘তারা যেভাবে ভারতে ইসলামবিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদের ব্র্যান্ডেড স্লোগান “জয় শ্রীরাম” বলে “কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” স্লোগান দিল। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা, তারা কি এর মাধ্যমে বাংলাদেশে একটা হিন্দু ধর্মযুদ্ধ বা ক্রুসেড শুরুর আহ্বান জানাতে এটা করেছিল?’
প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে জমিয়ত মহাসচিব কাসেমী সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কি স্বাধীন বাংলাদেশ নির্বিঘ্নে চলতে দেয়া যায়? সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে নগ্ন উসকানিদাতা এসব সংগঠনের বিরুদ্ধে সরকার ও প্রশাসন নিশ্চুপ কেন?’