সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্র চলছে: কাসেমী

৩৩জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেছেন, দেশে সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের পাতানো ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় কাসেমী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেছেন জমিয়তের সহসভাপতি আবদুর রব ইউসুফী।

কাসেমী বলেন, ‘যেকোনও মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। পাশাপাশি ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করে জাতির কাছে মুখোশ খুলে দিতে হবে এবং এসব দেশবিরোধীদের প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা তৈরির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে।’

দলের যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় আলোচনায় আরও ছিলেন— সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।