‘জনগণকে সচেতন করতে নির্বাচনে অংশ নেয় বিএনপি’

বিএনপির নিয়মিত সংবাদ সম্মেলন

গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এবং যতটুকু সুযোগ পাওয়া যায় তা যথাসম্ভব কাজে লাগিয়ে জনগণের কাছে দলের বক্তব্য নিয়ে উপস্থিত হতে নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশনের কারসাজির ব্যাপারে জনগণকে সচেতন করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনে উদ্বুদ্ধ করার জন্য বিএনপি এসব নির্বাচনে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রিন্স জানান, আগামী ১০ ডিসেম্বর দেশের ১০টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেয়র পদে সাধারণ নির্বাচন/উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও আগামী ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন উপজেলা ও পৌর নির্বাচনি প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেন প্রিন্স। এসময় তিনি জানান, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর, ফরিদপুর, সিরাজগঞ্জের শাহজাতপুর, নোয়াখালী জেলার বেগমগঞ্জ, পাবনা জেলার ঈশ্বরদী ও বেড়া উপজেলা, বরগুনা জেলার বেতাগী পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা করেছে।

নির্বাচন কমিশনের প্রতি প্রিন্স বলেন, ‘জনগণের মধ্যে বিরাজমান ভোট আতঙ্ক নয়, ভোট উৎসব সৃষ্টি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি। নির্বাচন কমিশনকে সরকার ও আওয়ামী লীগের অনুগত ও আজ্ঞাবহ না হয়ে সমতল মাঠে যোগ্য রেফারির ভূমিকা পালন করতে অনুরোধ করছি।’