জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহিলা গণফোরাম গঠনের কথা আমি জানি না। সভাপতি জানেন বলেও জানি না। কিচ্ছু জানি না। এটা তারা তাদের মতো করছে।’
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গণফোরাম (বিদ্রোহী অংশ) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুহাম্মদ রওশন ইয়াজদানী ই-মেইল বার্তায় জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর উপস্থিতিতে এবং ঢাকা মহানগরের নারীনেত্রী মিসেস জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে ‘মহিলা গণফোরাম’, ঢাকা মহানগর-এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গণফোরাম ঢাকা মহানগরের নারীনেত্রী মিসেস জান্নাতুল মাওয়াকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট ‘মহিলা গণফোরাম’, ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত হয়।
এক প্রশ্নের জবাবে মন্টু বলেন, ‘এই কমিটি পার্টির সিদ্ধান্তেই হয়েছে।’ দলের সভাপতি বিষয়টি জানেন কিনা—এমন প্রশ্নে মন্টু বলেন, ‘উনি তো আসেন না এগুলোতে।’
রওশন ইয়াজদানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক জান্নাতুল মাওয়া, যুগ্ম আহ্বায়ক—গুলজার বেগম, নিলুফার ইয়াছমিন শাপলা, ফরিদা ইয়াসমিন, রোকসানা করিম, ইয়াসমিন আক্তার; সদস্য সচিব—লাভলি আক্তার; সদস্যবৃন্দ—১. গুলনাহার বেগম, ২. মরিয়ম বেগম লিলি, ৩. ডলি আক্তার, ৪. ফাহিমা আক্তার রুরি, ৫. রওশন আরা লিপি, ৬. হাফিজা আক্তার, ৭. রুকসানা বেগম, ৮. কুলসুম বেগম, ৯. রাবেয়া বসরী ও ১০. পারুল আক্তার ।
উল্লেখ্য, গত প্রায় দেড় বছর ধরে গণফোরামে কামাল হোসেন-রেজা কিবরিয়া এবং মোস্তফা মোহসীন মন্টু-সুব্রত চৌধুরী পক্ষ তৈরি হয়েছে। উভয় পক্ষ পৃথক কাউন্সিলের ডাক দিলেও দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে কামাল হোসেন সেগুলোর সমাধান করেছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। গণফোরামের একাধিক নেতা জানান, মহিলা গণফোরাম বা এরকম ভিন্ন উদ্যোগ দলের ঐক্য বিনষ্ট করছে।