প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজপথে অবস্থান, রবের অভিনন্দন

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজপথে অবস্থান ও সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালনের অঙ্গীকারকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, শনিবার ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভ প্রদর্শনে তাদের অভিনন্দন জানিয়েছে জেএসডি।
রব ও ছানোয়ার বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য বিরোধী তৎপরতার বিরুদ্ধে সমাবেশ করেছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। তারা ঘোষণা দিয়েছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে স্বীকৃত জাতির পিতা। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য প্রজাতন্ত্রের কাছে গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিতে তারা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধান রক্ষার যে দায়িত্ববোধ থেকে এই কর্মসূচিতে অগ্রসর হয়েছেন তাকে অভিনন্দন না জানানোর কোনও বিকল্প নেই। সংবিধানকে রক্ষা করার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের সরাসরি অংশগ্রহণ জাতির জন্য খুবই জরুরি।’
বিবৃতিতে বলা হয়, ‘সংবিধানকে রক্ষার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আজকের সমাবেশ প্রমাণ করে যে ব্রিটিশ এবং পাকিস্তানের ফেলে যাওয়া উপনিবেশিক আমলের শাসনব্যবস্থা দিয়ে বাংলাদেশকে আর শাসন করা যাচ্ছে না কারণ বিদ্যমান শাসনব্যবস্থা স্বাধীন বাংলাদেশের জন্য উপযোগী নয়।’
রব ও ছানোয়ার বলেন, ‘আজকের সমাবেশ প্রমাণ করে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা তৈরি করা এখন সময়ের দাবি। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সংবিধানকে রক্ষা করার জন্য আজকের যে নৈতিক প্রতিবাদ এবং আয়োজন তার একটি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই জরুরি।’