শুক্রবার ৬১ পৌরসভার মনোনয়ন চূড়ান্ত করবে আ.লীগ

আওয়ামী লীগআসন্ন ৬১টি পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) বসছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক। বিকাল ৪টায় দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ৬১টি উপজেলায় দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুকদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানায় দলটি। এরপর দলের সভাপতির কার্যালয়ে তিন দিনব্যাপী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন আগ্রহীরা। জমা পড়া মনোনয়ন ফরমগুলো যাচাই-বাছাই শেষে কালকের বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।