ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিতের দাবি ন্যাপের

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টার মাইন্ডের ‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ এবং ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। একই সঙ্গে তারা ধর্ষকের দ্রুত বিচার দাবি করেন।

শুক্রবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো দলের দফতর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরীর সই করা এক বিবৃতিতে ন্যাপ নেতারা এসব কথা বলেন।  

বিবৃতিতে তারা বলেন, কিশোরী ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রমাণিত হলো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য প্রয়োজন আইনের শাসন ও সামাজিক প্রতিরোধ। আনুশকাহ ধর্ষণ-হত্যা সামাজিক অসহিষ্ণুতারই বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশজুড়ে একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে তুমুল আন্দোলনের মুখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে সরকার ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’ করলেও  প্রশ্ন জাগে আইন করার পরও কি ধর্ষণ কমেছে ?

নেতারা প্রশ্ন করেন, শুধু আইন করেই কি ধর্ষণ বন্ধ করা সম্ভব ?

ন্যাপ নেতারা বলেন, অপরাধীর শাস্তি নিশ্চিত না করলে আইন সংশোধন করেও কোনও ফায়দা হবে না। বিচার নিশ্চিত না করে যত কঠোর আইন-ই হোক, ফলপ্রসূ হবে না।

ন্যাপ নেতারা দাবি করেন, রাষ্ট্রের উচিত হবে ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা।