বিএনপির কর্ম ভালো: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপির জন্ম কোথায় তা জানার দরকার নেই, তার কর্ম ভাল। ক্যান্টনমেন্টে যদি বিএনপির জন্ম হয়ে থাকে তা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে। কিন্তু যারা বলেন, তাদের চিন্তা ধারা এবং জন্ম কোথায়?’

রবিবার (৩০ মে) পল্লবীর অনিক প্লাজার সামনে অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণের আগে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। তার অভিযোগ, দেশে গণতন্ত্র নেই।

তিনি বলেন, ‘আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকীতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছি।’

বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তাদের জন্ম দেশের মাটিতে নাকি ভিন্ন দেশে-এটা জানা জরুরি। কারণ যারা শাসন করছে তারা দেশের জন্য নয়, দেশের জনগণের জন্য নয়। তারা হচ্ছে অন্য দেশের তরে।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেন ও সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। এরপর গয়েশ্বর চন্দ্র রায় জান্নাতুল মাওয়া মাদ্রাসা এলাকায় ত্রাণ বিতরণ করেন। সেখানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম অংশ নেন। পরে পল্লবী, রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালসী, পল্লবী মল্লিকা হাউজিং এবং পল্লবী ত্রাণ বিতরণ করেন গয়েশ্বর চন্দ্র রায়।