প্রবীণ নাগরিকদের জন্য অবসর ভাতা চালুর দাবি

করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট উত্তরণে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে রাষ্ট্রকে মানবিক ও এবং কল্যাণমূলক রাষ্ট্রের দিকে দীর্ঘ পথযাত্রায় দেশের প্রবীণ নাগরিকদের জন্য অবসর ভাতা ও বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালু করতে বিশেষ বরাদ্দ রাখাসহ ১৭ দফা প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

রবিবার (৩০ মে) পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এ প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য, সামাজিক নিরাপত্তার জন্য কর ব্যবস্থার সঙ্গে সঙ্গে সিনিয়র সিটিজেনদের জন্য আজীবন পেনশন বা বিশেষ প্রণোদনা বিষয়টি বিবেচনা করা। যাতে সরকারি চাকরির বাইরে যারা অন্য কোনও জীবিকায় নিয়োজিত এবং নিয়মিত আয়কর দিয়ে থাকেন, ৬০-৬৫ বছরের পর জীবনের বাকি দিনগুলোর জন্য রাষ্ট্রের ওপর ভরসা করতে পারে। স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর খাতসমূহকে ভ্যাটের আওতামুক্ত করা, জনগণের সামর্থ্য এবং বাস্তবতার আলোকে কর নির্ধারণ করা। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে; বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সব ক্ষেত্রে স্বাস্থ্যবিমা চালু করার উদ্যোগ নিতে হবে। জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিভাগীয় শহরে ৫০০ বেডের হাসপাতাল তৈরি, ক্যানসারের ওষুধসহ ডায়াবেটিস, হাইপ্রেসার, হার্ড, কিডনি ও লিভার এই পাঁচটি বড় রোগের ওষুধের মূল্য হ্রাস করা।