বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করে উচ্চশিক্ষাকে কঠিন করে তুলেছে সরকার- এমন অভিযোগ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। শুক্রবার (৪ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এ অভিযোগ করেন।
জমিয়তের দুইনেতা বলেন, ‘এই বাজেটে শিক্ষাখাতে চরম উদাসীনতার প্রদর্শন করা হয়েছে। শিক্ষক ও কর্মচারীদের গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে অবহেলা করা হয়েছে। করোনা মহামারিতে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা উচ্চশিক্ষাকে কঠিন করারই নামান্তর।’
বিবৃতিতে বলা হয়, যেসব শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় না তারাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে থাকে। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট’র সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।