সুনামগঞ্জসহ সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৯ সংগঠনের নেতারা। তারা বলেছেন, ১৫ দিন আগে অতিবৃষ্টির পূর্বাভাস জানা থাকার পরও সরকারের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে জনগণকে সতর্ক করেনি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেনি। এ ধরনের দায়িত্বহীনতা অপরাধ। এই দায়িত্বহীনতার তদন্ত ও বিচার করতে হবে।
সোমবার (২০ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৯ সংগঠনের নেতারা এসব দাবি করেন।
বিবৃতিতে নেতারা বলেন, সরকার ৪০ লাখ পানিবন্দি মানুষের জন্য যে বরাদ্দ করেছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। আমরা এই বরাদ্দ বৃদ্ধির জন্য জোর দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে ৯ সংগঠনের সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, গণমুক্তি ইউনিয়ন আহবায়ক নাসিরুদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) আহবায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ ও কমিউনিস্ট ইউনিয়ন আহবায়ক ইমাম গাজ্জালীর নাম উল্লেখ করা হয়।