খালেদা জিয়া পাকিস্তানের সুরে কথা বলছেন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদখালেদা জিয়া পাকিস্তানের সুরে কথা বলে  মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, খালেদা জিয়া ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে শুরু করে ৯২ দিন আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছেন। শুক্রবার ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় পৃথক জনসভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, তার এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের হাত থেকে শিশু, নারী কেউই বাদ যাননি। এখন তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলে পাকিস্তানের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন। তাই বিএনপিকে প্রত্যাখ্যান করে সবাইকে আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ করতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, ভোলার প্রধান সমস্যা নদী ভাঙন রোধে সাড়ে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প সম্প্রতি একনেকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোলার নদী ভাঙন রোধে সহস্রাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সড়ক পথে ব্রিজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।  শিগগিরই এর কাজ শুরু হবে।

/বিটি/এমএনএইচ/