সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট

সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নির্মাণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি এমন অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার প্রস্তাবে বলা হয়, তথাকথিত সার্চ কমিটির মাধ্যমে অনুগত নির্বাচন কমিশন নিয়োগের পর বহু বাগাড়ম্বর করলেও তাদের অধীনে অনুষ্ঠিত স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপনির্বাচনসমূহে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে উপর্যুপরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের আস্থা যে নির্বাচন কমিশন, ভোট ও সরকারের প্রতি নাই তার প্রমাণ ভোট কেন্দ্রে জনগণের অত্যন্ত কম উপস্থিতি। তাছাড়াও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনার সময়ে রিটার্নিং অফিসারের কাছে একটি টেলিফোন কল যাওয়ার পর ভোট গণনা কিছুক্ষণ স্থগিত রাখা ও ফলাফল পাল্টে যাওয়া নিয়ে জনমনে বর্তমান কমিশনের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ইভিএম মেশিন বুথের বাইরে নিয়ে যাওয়া, গাইবান্ধা উপনির্বাচনে বুথে ডাকাত চিহ্নিত করার পর ভোট স্থগিত করা হলেও কাউকে বিচারের মুখে এনে শাস্তি দিতে না পারা, ব্রাহ্মণবাড়িয়ায় উকিল সাত্তার মার্কা নির্বাচন ইত্যাদি প্রমাণ করে বর্তমান দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত স্থানীয় ও জাতীয় নির্বাচন মোটেও অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা কমিশনের পক্ষে সম্ভব নয়। এ প্রেক্ষাপটে যখন বাম জোটসহ সকল বিরোধী দল বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে তখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রহসনের সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে জনগণকে বিভ্রান্ত করা হবে।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, সদস্য তাসলিমা আক্তার বিউটি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহীদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।