ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। হত্যা মামলায় চার্জশিটে নাম আসার পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
বুধবার (৭ জুন) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সিদ্ধান্তক্রমে গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডের কারণে পদ থেকে বহিষ্কার করা হলো।
সম্প্রতি আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এতে গোলাম আশরাফ তালুকদারসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়।