আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি বয়কট করে বিদেশি প্রভুদের সাহায্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে।
শুক্রবার (১৬ জুন) বিকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ‘বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ঢাকা জেলা ১৪ দলের এক জনসভায় এ কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তাতে কোনও সন্দেহ নেই।
তিনি বলেন, বিএনপি অর্থ খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের সুনাম নষ্ট করছে। তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে। বিএনপির যেকোনও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে আওয়ামী লীগ।
জনসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সব সমস্যা দ্রুত সমাধান করা হবে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন প্রমুখ।