ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান

ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য কৃতি সাংবাদিকদের সম্মাননা শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সত্য কথা বললেই আজ শত্রুর মতো আচরণ করা হচ্ছে। কিন্তু সরকার আমাদের শত্রু নয়, তারা আমাদের প্রতিপক্ষ। যদি কোনও কথা যুক্তিসঙ্গত হয় তাহলে সেটা মানতে হবে। এই ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।

তিনি বলেন, দেশে এখন স্বৈরশাসন চলছে। কিন্তু এর মধ্যে যখন দাবি করা হয় যে আমরা জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনা করছি, তা অধিক শোকে পাথর হওয়ার মতো কথা। দেশে এখন সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অর্থমন্ত্রী বলছে টাকা পাচাকারীদের আপনারা ধরিয়ে দিন। তাহলে তাদের কাজ কি?

তিনি আরও বলেন, দেশের এমন কোনও জেলখানা নেই যেখানে আমাদের কর্মী নেই, এমন কোনও গোরস্থান নেই যেখানে আমাদের কর্মী নেই। আমরা বলতে চাই, নির্বাচনের সময় যে যা প্রতিশ্রুতি দেবে, সেটা যদি পালন করা না হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান। এ সময় সংঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।