বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে এসেছি, সংশোধনীর ওপর আলোচনা করছি, পরবর্তীতে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটা রূপরেখা আসবে বলে আশা করছি।’
সোমবার (২৬ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব জানান, সরকার পতনের ‘একদফা’ আন্দোলনের ঘোষণা ‘শিগগির’ই আসছে। তিনি বলেন, ‘আপনারা দেখতে পারছেন আমরা আন্দোলনে আছি, মূলত একদফার আন্দোলনেই আছি। এটা একেবারে আনুষ্ঠানিকভাবে আসবে, তা খুব শিগগিরই দেখতে পারবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘ঈদের পরে আমাদের আন্দোলন আরও জোরদার হবে, আরও বেগবান হবে। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করবো।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রূপরেখা বলেন, যা বলেন সবই আসবে। অস্থির হবেন না। ইউ মাস্ট প্রেসেন্স। আমাদের খবর পেলে ভালো হয় কিন্তু আমাদের তো কৌশল আছে, আমাদের অনেক কৌশল আছে। আমরা আমাদের মতো করে যেতে চাই।’
মির্জা ফখরুল বলেন, ‘এখনও সময় আছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের উচিত একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা, এর আগে পদত্যাগ করা।’
সম্প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিদেশিদের চাপ ও প্রভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার মানে হচ্ছে যে সরকার নেই। সেন্টমার্টিন না দিলে যদি আপনার ক্ষমতায় না থাকা হয় তাহলে তো নাই। বলেছেন যে উনি দেবেন না। তাহলে উনি নাই। আবার উনি গ্যাস বিক্রি না করলে থাকা যাবে না। তাহলে উনি নাই। মানেটা তো সেটাই দাঁড়ায়।’
বিএনপি মহাসচিব দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানান।