নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (৫ জুলাই) সেগুনবাগিচায় বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ মত প্রকাশ করা হয়।
জোটের নেতারা অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই। আগামী নির্বাচনেও যাতে একচেটিয়াভাবে ক্ষমতায় আসা যায়, সরকার সে লক্ষ্যেই সকল রকম পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পরিচালকদের মেয়াদ ৯ থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে, খেলাপিদেরও নতুন ঋণ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বামজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) দলের সমন্বয়ক মাসুদ রানা। উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।