রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

আওয়ামী লীগ ও বিএনপির আজ শুক্রবারের (২৮ জুলাই) সমাবেশ ঘিরে যেকোনও বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে রাজধানী ও রাজধানীর প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে— বিশৃঙ্খলা সৃষ্টি হলে কোনও ছাড় দেওয়া হবে না।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সেখানে রাতেই হাজার হাজার নেতাকর্মী অবস্থান করে। আজ শুক্রবার সকাল ১০টার পর থেকে সেখানে নেতাকর্মীদের ঢল নামে। তাই এই মহাসমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে নয়াপল্টনসহ আশপাশের এলাকা সর্বোচ্চ নজরদারিতে রাখবে পুলিশ। নাশকতা ও বিশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় পল্টনের প্রতিটি জায়গা নজরদারিতে রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

কাকরাইল, পল্টন, বিজয়নগর ও ফকিরাপুলের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। একইসঙ্গে আশপাশের অলিগলিতে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সমাবেশ ঘিরে আমাদের কাছে বড় ধরনের কোনও হুমকির খবর নেই। তবে কোনও কুচক্রী মহল সুযোগ নিয়ে দুর্ঘটনা বা নাশকতা ঘটনা ঘটাতে পারে। সেটা যেন না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্য, আনসার, এপিবিএন, র‍্যাব ও বিজিবি থাকবে স্ট্যান্ডবাই। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবো। এছাড়া দুই দলের প্রতি অনুরোধ রেখে ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলার অবনতি হওয়ার মতো কোনও ধরনের কাজ করবেন না। যেকোনও দলের মধ্যে যদি আমরা এরকম দেখি তাহলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।357286705_666376785030872_5455742178788718610_n

এদিকে আজকের সমাবেশ ঘিরে রাজধানীর ভেতরে-বাইরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। র‍্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে র‍্যাব-৪ এর আওতাধীন এলাকায় রোবাস্ট পেট্রোলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি তল্লাশি করা হচ্ছে।

রাজধানীর যাত্রাবাড়ীসহ র‍্যাব-১০ এর আওতাধীন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে ব্যাটালিয়নটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকার যাত্রাবাড়ী, সায়েদাবাদ বাস টার্মিনাল, ডেমরা, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী ও সদরঘাট লঞ্চ টার্মিনালসহ র‍্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা ডিউটিতে রয়েছেন।

সমাবেশ ঘিরে র‍্যাবের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যমে শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কিছু প্রবেশমুখে র‍্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। সমাবেশের আশেপাশে সাদা পোশাকে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে। ২৩ শর্তের কোনও শর্ত যেন অতীতের মতো ভঙ্গ করা না হয় সে ব্যাপারে তাগিদ ও নিজস্ব মনিটরিং থাকবে। আমাদের সবগুলো সম্ভাব্য গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ছাড়াও ব্যারিকেড থাকবে। বিশৃঙ্খলা মোকাবিলায় আমাদের বিশেষ টিম প্রস্তুত থাকবে। আমরা আশা করছি- শান্তিপূর্ণভাবেই রাজনৈতিক সমাবেশগুলো সম্পূর্ণ হবে। তবে যদি কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয় পুলিশের পক্ষ থেকে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।