আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকাল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ। কোরআন তেলাওয়াতের পর গীতা পাঠ করা হয়। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বানানো হয়েছে সমাবেশের মঞ্চ। এতে সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৬৪ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থ মঞ্চে অবস্থান করছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে আশা নেতাকর্মীদের অভিবাদন জানান তারা। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। তারা সমাবেশস্থল, গুলিস্তান, জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন সমাবেশস্থলে।
বেলা সোয়া দুইটার পর বৃষ্টি থামলে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। জুমার নামাজের পর বৃষ্টি নামলে কিছুটা ছেদ পড়ে সমাবেশস্থলে। নেতাকর্মীরা আশপাশের দোকানে অবস্থান নেন। বৃষ্টি থামার পর মঞ্চের সামনে নেতাকর্মীরা সেলফি, ছবি তুলছেন। মঞ্চে বাজছে মুক্তিযুদ্ধের রেকর্ডকৃত গান–'জয় বাংলা, বাংলার জয়'।
বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশরাফ উদাস। তার সঙ্গে বাদ্যযন্ত্র বাজানো হয় সুরের তালে তালে। এ সময় নেতাকর্মীরা নিজ সংগঠনের পতাকা উড়িয়ে, নেচে গেয়ে মেতে ওঠেন।
শামসুর রাহমানের 'আমার পরিচয়' কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী মাইদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন দেলোয়ার হোসেন বয়াতী। শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন শিল্পীরা।
আয়োজক সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, এই সমাবেশকে ঘিরে সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ঢাকাসহ সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা আসছেন। এই সমাবেশে এযাবৎকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ সমাবেশে উপস্থিত আছেন।