শেখ হাসিনার অধীনে নির্বাচন অসম্ভব: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন দিলে সেটি নির্বাচন হবে না, হবে প্রহসন। শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হওয়া অসম্ভব।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে রাজধানীর নয়া পল্টনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হয়ে গেলেও এ দেশের মানুষ এখনও প্রকৃত মুক্তি পায়নি। বর্তমান আওয়ামী শাসন ইতিহাসের পাতায় কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। সাম্প্রতিক সময়ে যে নৈরাজ্য, জুলুম ও বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী লীগ সৃষ্টি করেছে তা আমাদের দেশের জন্য লজ্জার। অনতিবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ন্যায্য দাবি মেনে নিন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জনতার দাবি মেনে নেওয়া হবে শুভবুদ্ধির উদয়। অন্যথায় দেশ রক্ষায় সকল জুলুমের বিরুদ্ধে জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা হবে।

কওমি শিক্ষার্থী রেজাউল হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ৪ আগস্ট দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন।

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।