সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট (শুক্রবার) রাজধানীতে অনুষ্ঠেয় গণমিছিল কর্মসূচি পালন করছে না গণতন্ত্র মঞ্চ। বুধবার (৯ আগস্ট) বিএনপির পক্ষ থেকে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হলেও মঞ্চের নেতারা এই কর্মসূচি পালনে অপারগতা প্রকাশ করেছেন। পাশাপাশি অন্যান্য যেসব দল ও জোট রয়েছে যুগপতে, সেসব দলও সীমিত পরিসরে গণমিছিল করার প্রস্তুতি নিচ্ছে।
গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, বিএনপি আবারও আকস্মিকভাবে গণমিছিল কর্মসূচি ঠিক করেছে। এই কর্মসূচির সিদ্ধান্ত সম্পর্কেও মঞ্চের কোনও নেতাকে অবগত করা হয়নি। আর এই বিষয়টিকে কেন্দ্র করে আগামী শুক্রবার গণমিছিল কর্মসূচি পালন করছে না গণতন্ত্র মঞ্চ।
মঞ্চের এক নেতা বলেন, বিএনপি আবারও কোনও ডিসকাশন ছাড়াই কর্মসূচি ডেকে দিলো। একই সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচিও রয়েছে।
গণতন্ত্র মঞ্চের আরেক নেতা দাবি করেন, একাধিক দলের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকায় মঞ্চ কোনও গণমিছিল করছে না। পরের কর্মসূচিতে অংশ নেবে। একই সঙ্গে মঞ্চের অভ্যন্তরীণ দলগুলোর প্রোগ্রাম পূর্ব নির্ধারিত হলেও বিএনপির তরফে জানানো হলে সেগুলোকে সমন্বয় করার সুযোগ ছিল।
জানতে চাইলে মঞ্চের নেতা সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শুক্রবার গণমিছিল কর্মসূচি করতে পারছি না। মঞ্চের শরিক দলগুলোর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় এ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো না।’
১২ দলীয় জোটের একজন নেতা জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জোটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে ঢাকামুখী কর্মসূচি দেওয়ার জন্য। তবে বিএনপি কবে সেই কর্মসূচি দেবে, সেটা দলটির ওপরই নির্ভর করে। সে কারণে দিনক্ষণ নিয়ে তারা অবগত নন।
জোটের নেতা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘কর্মসূচির বিষয়ে যুগপতে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয় বিএনপি।’
তিনি জানান, শুক্রবার ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গণমিছিল করবে।
গণমিছিল কর্মসূচি পালন করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। বুধবার সন্ধ্যা ৭টায় গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়, বিকাল ৩টায় গণফোরাম চত্বরে অর্থাৎ কার্যালয়ের সামনে গণমিছিল কর্মসূচি পালন করবে তারা।
এলডিপির নেতা সালাহউদ্দিন রাজ্জাক জানান, শুক্রবার বিকাল ৩টায় গণমিছিল করবে এলডিপি।
বুধবার (৯ আগস্ট) রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যুগপতে যুক্ত জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, এনডিএমসহ অন্যান্য দল গণমিছিল কর্মসূচি নিয়ে কিছু জানায়নি।