বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি: আবদুস সবুর

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীন পতাকা ও নিজস্ব মানচিত্র। বঙ্গবন্ধুর উত্তরসূরী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বিশ্বের বুকে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাড়াঁতে পারে। 

সোমবার (১৪ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীতে জনস্বাস্থ্য অধিদফতরের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল শাখা।

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, সরকারের অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী দেশের প্রকৌশলী সমাজ। সামনে নির্বাচন। এই নির্বাচনে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আনতে দেশের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করবো, এই হোক আমাদের শপথ।   

তিনি বলেন, জনস্বার্থে সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। করোনা প্রতিরোধে সারা বিশ্বের রোল মডেল বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে। দেশের জনগণই তাকে ভোট দেবে।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল শাখার সভাপতি নজরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, জনস্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী সরোয়ার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, প্রকৌশলী মীর আব্দুস সাহিদ প্রমুখ।