মুখে দাপট দেখালেও সরকারের ভেতরের অবস্থা ভালো নয়: ১২ দলীয় জোট

১২ দলীয় জোটের নেতারা দাবি করেছেন, জনগণের বিরামহীন ও ব্যাপক আন্দোলন এবং গণতান্ত্রিক বিশ্বের বহমুখী চাপে সরকার দিশেহারা হয়ে পড়েছে। মুখে মুখে যতই দাপট দেখানোর চেষ্টা করুক সরকারের ভেতরের অবস্থা ভালো নয়। সরকার বুঝে গেছে ২০১৪ ও ২০১৮ সালের মতো পাতানো নির্বাচনের খেলা এবার সম্ভব নয়।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাংকের সামনে আয়োজিত যুগপৎ গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন জোটের নেতারা।

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোটের মুখপাত্র বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)। উপস্থাপনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল।

জোটের নেতারা উল্লেখ করেন, বিএনপিসহ বড় বড় দলগুলোকে বাদ দিয়ে ছোট ছোট কিছু তাঁবেদার দলকে সঙ্গে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের নাটক করার স্বপ্ন ইতোমধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

সমাবেশ ও গণমিছিলে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।