অবিলম্বে পদত্যাগ ও অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এবার পদত্যাগ করে দেশ ও জাতিকে মুক্তি দিন।’
শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিজয় নগরস্থ শ্রম ভবন চত্ত্বরে এবি পার্টি আয়োজিত এক দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ চলাকালে মন্জু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। দুর্নীতি, অর্থপাচার, লুটপাট, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে যত ক্ষোভ মানুষের মনে জমা হয়েছে, তাতে পরিস্থিতি খুবই স্পষ্ট, অবৈধ এই সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। কিন্তু জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে।’
অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামত ও সংস্কারের ২ দফা গণ-আন্দোলনের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম-সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক।
দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব আক্তারুজ্জামান ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স।
প্রতিবাদী অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।