সৈয়দ আবুল হোসেনের মরদেহে আ.লীগের শ্রদ্ধা

আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক যোগাযোগমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কফিনে এ শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, পরে দলের পক্ষ থেকে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুব, উপ-দফতর সায়েম খান প্রমুখ।

এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সৈয়দ আবুল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে। সৈয়দ আবুল হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক যোগাযোগমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।