লগি-বৈঠা মোকাবিলায় জাতীয় পতাকা আনবে এবি পার্টি

সরকারি দলের হুমকি-ধমকি ও পুলিশের হয়রানি উপেক্ষা করে ২৮ অক্টোবর ১ দফা দাবিতে ঢাকায় ‘গণতন্ত্র সমাবেশ’ সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একইসঙ্গে আওয়ামী লগি-বৈঠার মোকাবিলায় জাতীয় পতাকা হাতে এদিন জনগণকে নির্ভয়ে রাজপথে গণতন্ত্রের শ্লোগান তোলার আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ হতে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলটির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

তিনি বলেন, সরকার গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিকে বানচাল করতে নির্লজ্জভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। পুলিশ বিভিন্নভাবে সারা দেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করছে। তারা মোড়ে মোড়ে পরিবহন তল্লাশি করে জনসাধারণের মধ্যে আতংক তৈরি করেছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নির্ঘুম রাত কাটাতে বলেছেন, অনেক নেতা লগি-বৈঠার হুমকি দিচ্ছেন।

এ সময় এবি পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও নবাবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমানকে (আজ) গ্রেফতারের তীব্র নিন্দা জানান তিনি।