আ.লীগ অফিসের সামনে অবরোধবিরোধী সাংস্কৃতিক আসর

বিএনপি-জামায়াতের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে রবিবার (১২ নভেম্বর)। এই অবরোধের প্রতিবাদে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে মিছিলের পাশাপাশি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। মঞ্চ বানিয়ে, সামিয়ানা খাটিয়ে চলছে অবরোধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই আয়োজনে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। তারা গানের তালে তালে নাচছেন আর স্লোগান দিচ্ছেন। সাংস্কৃতিক আসরটি চলবে সন্ধ্যা পর্যন্ত।

সাংস্কৃতিক আসরে আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগরের নেতারা। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি বলেন, অবরোধ কর্মসূচি দিয়ে বিএনপি চোরাগোপ্তা হামলা করছে। তাদের হামলা ঠেকাতে আমাদের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনও সতর্ক অবস্থানে আছে। আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। সন্ধ্যার পরেও নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।