প্রহসনের নির্বাচন বর্জন ও অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবাদী পদযাত্রা, উদ্বুদ্ধকরণ প্রচারণা, মানববন্ধন ও বিক্ষোভসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে লাইভ ব্রিফিং থেকে এই কর্মসূচি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, আগামী শনিবার (২৩ ডিসেম্বর) ‘প্রহসনের নির্বাচন বর্জনে প্রচার ও উদ্বুদ্ধকরণ পদযাত্রা’, রবিবার (২৪ ডিসেম্বর) ‘প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে মানববন্ধন’সহ লাগাতার কর্মসূচি পালন করবে এবি পার্টি।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের বন্ধু, স্বজন ও প্রতিবেশীদের সচেতন করুন। এই হটকারী নির্বাচনে সব ধরনের সমর্থন ও সহযোগিতা থেকে বিরত থাকুন এবং অন্যদের বিরত থাকতে উদ্বুদ্ধ করুন।
ব্রিফিংকালে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।