বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কেউ সত্য কথা বললে বা আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই কাদের সাহেবরা তাকে বিএনপি-জামায়াত-রাজাকার বলে ট্যাগ দেন। যারা সত্য কথা বলবে তারাই বিএনপির লোক। আর তাদের অনাচার ও দুর্নীতির পক্ষে গেলে সে হয় মুক্তিযুদ্ধের চেতনার লোক, ভালো মানুষ।’
বুধবার (২৭ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি আওয়ামী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে কোন কোন লুটেরা শত শত কোটি টাকা-সম্পদের পাহাড় গড়েছেন তার একটি তালিকা প্রকাশ করেছে। এই সত্য প্রকাশ করায় সরকারের এমপি-মন্ত্রীদের আঁতে ঘা লেগেছে। ওবায়দুল কাদের বলেছেন, ‘টিআইবি বিএনপির শাখা সংগঠন। মতাদর্শ একই।’
টাকা পাচারকারী কারা তা জনগণ জানলেও কাদের সাহেবরা ভণ্ডামি করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘এই টাকা পাচারকারীদের পক্ষে কেন কাদের সাহেব সাফাই গাইছেন? তাহলে তিনিও কি এই চক্রের সদস্য? তা না হলে তার এতো জ্বলে কেন?
‘ষড়যন্ত্র হচ্ছে। পিটার হাস ভারতে গেছেন। কিন্তু বাংলাদেশে আর ওয়ান ইলেভেন ঘটাতে সমর্থন দেবে না ভারত’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওবায়দুল কাদের এমন বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, 'ওয়ান ইলেভেনের মাস্টারমাইন্ড তাহলে কারা তা ওবায়দুল কাদের সাহেব প্রকাশ করলেন। এজন্য সে দিন শেখ হাসিনা বলেছিলেন, ‘১/১১ আমাদের আন্দোলনের ফসল।’
আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ নয়, প্রতিবেশী দেশ মন্তব্য করে রিজভী বলেন, ‘বাংলাদেশে ভারত আরেকটি ওয়ান ইলেভেন ঠেকালেও ১৮ কোটি জনগণের রুদ্ররোষ থেকে আওয়ামী লীগ পার পাবে না। এই পরগাছা, পরজীবী, আর্টিফিসিয়াল সরকারের পতন অনিবার্য।’