নির্বাচন বর্জনের দাবিতে এবি পার্টির প্রচারণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ঘোষিত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩১ ডিসেম্বর) সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। এদিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে শুরু করে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারপত্র বিলি করে দলটি।

প্রচারপত্র বিলির শুরুতেই বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মেজর (অব.) মিনার বলেন, ‘আওয়ামী লীগ ৭৪ সালের বাকশালের মুখোশ বদল করে নতুন ছদ্মবেশ ধারণ করেছে মাত্র, তাদের আচরণ বা কর্মকাণ্ডে কোনও পরিবর্তন আসেনি।’

দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন। আজ কিছু দালাল ভিড়িয়ে আওয়ামী লীগ লুটপাট অব্যাহত রাখার চক্রান্তে মেতে উঠেছে। পত্রিকায় এসেছে হুইপের ভাইকে কান ধরে উঠবস করানো হয়েছে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের যে নাটক দেখাচ্ছে এগুলো তার নমুনা। এই সরকারে যারাই মন্ত্রী, এমপি এমনকি চেয়ারম্যানও হয়েছে তারা আজ শত কোটি টাকার মালিক। এই নির্বাচন লুটেরা আর কালোবাজারিদের নির্বাচন। বাংলাদেশের জনগণ কখনোই কোনও স্বৈরাচারের কাছে মাথানত করেনি।’

কর্মসূচিতে আরও অংশ নেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান প্রমুখ।