দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন

যেমন ছিল বিএনপি ও বিরোধী ৩৯ দলের প্রতিবাদ কর্মসূচি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ করেছে অন্তত ৩৯টি দল। সব বিরোধী দল নির্বিঘ্নে তাদের প্রতিবাদ মিছিল সম্পন্ন করেছে। ব্যতিক্রম ছিল কেবল বিএনপি। দলটির রাজধানীসহ সারা দেশের প্রায় সকল কর্মসূচিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এসব কর্মসূচি চলার সময় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। দুর্ভোগে পড়েছেন পথচারী, যাত্রীরা।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দলটির সকল কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির নেতা ড. আব্দুল মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় আটক করে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। তবে সুলতানা আহমেদসহ অনেকেই এখনও আটক রয়েছেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমাদের সকল কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সর্বমোট কতজনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরের পর রাজধানীর অন্তত ১২টি এলাকায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও দলটির সঙ্গে যুগপৎ ধারায় যুক্ত বিরোধীদলগুলো। এসব এলাকায় বিএনপিসহ অন্তত ৩৯টি দল বিক্ষোভে অংশ নেয়। 

দ্বাদশ সংসদের উদ্বোধনী অধিবেশনের দিন কালো পতাকা বিক্ষোভে অংশ নেয় দলগুলো। এগুলোর মধ্যে জোটগতভাবে কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ (৬ দলীয় জোট); ১২ দলীয় জোট; গণফোরাম-পিপলস পার্টি (দ্বি-দলীয় জোট); সমমনা জোট (১১); গণতান্ত্রিক বাম ঐক্য (৪ দল)। এককভাবে পালন করেছে বিএনপি; এলডিপি; গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি।

শায়রুল কবির খান জানান, আজ যুগপতে অংশ নিয়েছে ৩৯টি রাজনৈতিক দল। নির্বাচন বর্জনে ছিল ৬৪ দল। 

বিক্ষোভ পালনে বাধা পেয়েছে বিএনপি, গণঅধিকার পরিষদ, ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। তবে আটক হয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী।

শান্তিনগরে রিজভী আহমেদের নেতৃত্বে ঝটিকা মিছিল

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, দেশের প্রায় সব এলাকাতেই বিক্ষোভে বাধা পেয়েছে নেতাকর্মীরা। তবে কিছু এলাকায় বাধা না পেলেও ঝটিকা মিছিলে কর্মসূচি সমাপ্ত করেছেন সিনিয়র নেতারা। শারীরিক ও বার্ধক্যের কারণে স্বল্প সময় মিছিলে অংশ নিয়ে অল্প দূরত্বেই মিছিল শেষ করেন তারা।

মিরপুরে অল্প সময় মিছিল করেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। মিছিলে সেলিমা রহমানকে সহকর্মীদের সহায়তায় মিছিল করতে দেখা যায়। এ দিন বিকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ঝটিকা বিক্ষোভ মিছিল হয়।

সূত্রাপুর এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এতে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ইশরাক হোসেনসহ নেতাকর্মীরা অংশ নেন। প্রায় আড়াই মিনিট মিছিল করে তাৎক্ষণিক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা। দক্ষিণ কেরাণীগঞ্জে এলাকায় মিছিল করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বিএনপি নেতারা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পূর্বঘোষিত কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ। বিভিন্ন জায়গায় মিছিল করতে যাওয়া অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। দয়াগঞ্জে বিএনপির মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা জানান, আজিমপুর বটতলায় কালো মিছিলের প্রস্তুতিকালে সমাবেত নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এখান থেকে পুলিশ চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রনিসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করে। পীর জঙ্গী মাজার এলাকায় মিছিলের জন্য আগত নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। পরে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রাজধানীর বিজয়নগর এলাকায় কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা বিএনপি। পুলিশ সে মিছিল থেকে ৫ জনকে গ্রেফতার করে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে জানান, এক দফা দাবি আদায়ে বিজয়নগর থেকে ১২ দলীয় জোটের উদ্যোগে কালো পতাকা বিক্ষোভ মিছিল শুরু হলে পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। সেলিম উল্লেখ করেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া সংসদ সদস্যদের নিয়ে আজ অবৈধ সংসদ অধিবেশন বসছে। এই নীতিবর্জিত প্রহসনের সংসদকে দেশবাসীসহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।

মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, আজ বিএনপির কর্মসূচি থেকে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে এবং প্রায় শতাধিক আহত হয়েছেন। 

তিনি অভিযোগ করেন, বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে হামলা ও নিপীড়ন—নির্যাতন চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ সরকার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের ওপর পুলিশকে লেলিয়ে দিয়েছে।