রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদের কঠোর হুঁশিয়ারি বাহাউদ্দিন নাছিমের

পবিত্র রমজান মাসে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির পায়তারাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, রমজান মাসে মানুষ যাতে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী পায় এ জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এরপরও অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এটি দেশ বিরোধী কাজ। আর এ কাজ যে করবে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

রবিবার (১০ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামাত চায় মানুষের দুঃখ-কষ্ট যাতে বৃদ্ধি পায়। এ জন্য যা যা সম্ভব তারা তাই করছে। তারা মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা কখনও দেশের ভালো চায় না। এরা দেশকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এদের নিয়ে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, নূর নবি ভূইয়া রাজু, আবুল হোসেন প্রমুখ।

এর আগে সকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম বলেন, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে সেই প্রজন্মকে তৈরি করতে হলে আপনাদের হতে হবে নিখুঁত ও মননশীল মানসিকতার। আপনারা শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষা করে আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলবেন, যাতে তারা সুন্দর মানসিকতার মানুষ হয়। অভিভাবকরা অনেক প্রত্যাশা নিয়ে তাদের সন্তানদের শিক্ষাঙ্গনে পাঠায়। পিতা মাতার প্রত্যাশা সব ক্ষেত্রে পূরণ নাও হতে পারে, কিন্তু আমাদের কোনও ভুলের কারণে শিক্ষার্থীদের সম্ভাবনা নষ্ট হতে দেওয়া যাবে না। সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমাদের সন্তানদের মধ্য থেকে আগামীতে কে নেতৃত্ব দেবে তা আমরা জানি না। তবে আমরা আমাদের সম্ভাবনাকে উড়িয়েও দিতে পারি না। আমাদের সম্ভাবনাকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমার খুব কষ্ট লাগে যখন শুনি শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে মামলা করে, শিক্ষক অভিভাবকের বিরুদ্ধে মামলা করে অথবা ম্যানেজিং কমিটি শিক্ষকের বিরুদ্ধে মামলা করে। কেউ অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে লাঞ্চিত হয়, এটা মেনে নেওয়া যায় না। কেউ কোনও ভুল করলে আমরা তাকে ক্ষমা করতে পারি। আমরা ভালো থেকে শিক্ষা নিতে পারি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য যারা শিক্ষকতা করি তারা সব ভেদাভেদ ভুলে যেতে পারি।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য ও টঙ্গী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।