নির্বিচারে হত্যাকাণ্ড কোনও সভ্য দেশে চলতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেছেন, ‘এভাবে একটি যৌক্তিক আন্দোলনকে সরকারপ্রধান তুচ্ছ-তাচ্ছিল্য করে রাজাকার আখ্যায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
রবিবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সরকারের নির্দেশে পুলিশ জনগণের ওপর যেভাবে গুলি ছুড়েছে, তা সম্পূর্ণ আইনবহির্ভূত ও সংবিধানবিরোধী। নির্বিচারে হত্যাকাণ্ড, মামলা ও গণগ্রেফতার কোনও সভ্য দেশে চলতে পারে না।’
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন কাল
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আমির সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।