পরিচ্ছন্নতা অভিযানে মন্দিরের গেটে ব্যানার লাগিয়েছে ছাত্রশিবির

সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে সংগঠনটি। এরইমধ্যে ফেনীর একটি মন্দিরের গেটে শিবিরের ব্যানার সাঁটিয়ে দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

রবিবার (১১ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য ও ছবি পাঠানো হয়েছে।

নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের পোস্টার

শিবির জানিয়েছে, গত ৭ আগস্ট শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে। প্রয়োজনে আরও সময় বাড়ানো হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশের প্রতিটি শাখার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জেলা, উপজেলা ও থানা শহরের অলিগলিতে, রাস্তায়, বাসার সামনে, মার্কেটের সামনে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে ময়লা আবর্জনা পরিষ্কার করছে। এ ছাড়া এলাকার হাট-বাজারগুলোতেও পরিচ্ছন্নতা অভিযান পালন করছে নেতাকর্মীরা।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘যতদিন না আমাদের শহর পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন হবে, ততদিন আমাদের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে।’