রাষ্ট্রধর্ম বাতিল হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশসংবিধান থেকে রাষ্ট্রধর্ম হিসেবে ‘ইসলাম’ বাতিল করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত চলছে। এ চক্রান্ত  বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে হাউজবিল্ডিং চত্বরে ‘রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল’-এর প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব  সমাবেশে তিনি এ সব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলাম নিয়ে যেকোনও ষড়যন্ত্র দেশবাসী জীবন দিয়ে রুখবে। যারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করতে চান, তাদের বিতাড়িত করতে হবে।  রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাতিল করার লক্ষ্যে রিটের নামে ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্তে মেতে উঠেছে সাম্প্রদায়িক উস্কানিদাতা শক্তি ‘হিন্দু, বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ’। তিনি বলেন, হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িকতা ও সকল ধর্মের সহঅবস্থান ও সম্প্রীতি ধ্বংসের গভীর ষড়যন্ত্রের অংশ বলেই মনে হচ্ছে। এ ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে, তা সরকারকে বুঝতে হবে।
সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন, দৈনিকবাংলা, বায়তুল মোকাররম উত্তর গেইট হয়ে পল্টন মোড় পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে। পরে পুনরায় মিছিলটি হাউজবিল্ডিং এসে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।

দলটির ঢাকা মহানগরী সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

/সিএ/এমএনএইচ/