ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারির নাম প্রকাশ্যে আসার পর তার ছাত্রলীগ সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। নিজ ডিপার্টমেন্টে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রলীগের প্যাডে তার নাম দেখা গেছে। কিন্তু বিষয়টি অস্বীকার করে শিবির সেক্রেটারি এস এম ফরহাদ বলেন, ‘আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই।’
সোমবার (২৩ সেপ্টেম্বর) এক লিখিত বক্তব্যে তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।
লিখিত বক্তব্যে ফরহাদ বলেন, সমাজকল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনও কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার (এস এম ফরহাদ) কোনও সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনও পদ-পদবির জন্য কোনও সিভি আমি কখনও কাউকে দিইনি।
তিনি বলেন, ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। এই বিষয়টিকে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিজের ছবি নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালনকালীন ডিবেটের বিভিন্ন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যার সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন। কোনও রাজনৈতিক আয়োজন নয়।
আরও পড়ুন-
এবার পরিচয় জানা গেলো শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির, ছিলেন ছাত্রলীগেও