বিজয় দিবস উপলক্ষে নানান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু করবে তারা।
রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বিজয় দিবসের প্রথম প্রহরে ২৪ ও ৭১ এর শহীদদের স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শহীদ স্মরণ’ শিরোনামে মোমবাতি প্রজ্জ্বলন করবেন তারা। সকাল ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের ইউনিটগুলো অংশগ্রহণ করবে। এছাড়াও সারা দেশের কমিটিগুলো নিজ নিজ থানায় শ্রদ্ধা নিবেদন করবে।
এদিন ঢাকায় ‘বিজয় র্যালি’ করবে সংগঠনটি। বিকাল ৩টায় বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হবে।