গানম্যান নিয়ে আবার নির্বাচনি প্রচারণায় নামছেন মেঘনা আলম

গানম্যান নিয়ে আবার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণায় নামছেন ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ও মডেল মেঘনা আলম।

আগামী দু-এক দিনের মধ্যেই তার জন্য গানম্যান অ্যাপয়েন্ট করা হবে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মেঘনা আলমের নির্বাচনি প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন।

তিনি বলেন, মেঘনা আলমের গানম্যান অ্যাপয়েন্ট হওয়ার বিষয়ে সিটিএসবি আমাদের জানিয়েছে, তারা এসবিকে পজিটিভ রিপোর্ট দিয়েছে। দু-এক দিনের মধ্যেই গানম্যান অ্যাপয়েন্ট হবে। নিরাপত্তা জোরদার করেই তিনি আবার প্রচারণায় অংশ নেবেন। কর্মসূচির সময়সূচি গ্রুপে জানানো হবে।

এর আগে, ক্রমাগত নিরাপত্তা হুমকি ও হয়রানির অভিযোগ তুলে নির্বাচনি প্রচারণা থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন মেঘনা আলম। তার  নির্বাচনি প্রচারণা টিমের অভিযোগ, মেঘনা আলমের নারী কর্মীদের গায়ে লেজার লাইট ফেলে অপমান ও ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অথচ গানম্যানের কোনও খোঁজ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় চাপাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওপর, ডিএমপি বলছে নির্বাচন কমিশনের কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন স্পেশাল ব্রাঞ্চ দেখবে, সব জায়গায় লিখিত আবেদন দেওয়ার পরও আজ পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।