বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে তার দল কঠোর কর্মসূচি দেবে। তিনি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনাকে হীন আখ্যা দিয়ে এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সরকারকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান রিজভী।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, গণবিরোধী অবৈধ এ সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টর ধ্বংসের পর আবারও গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুনের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তারপরও এর দাম বাড়ানো হচ্ছে সরকারের দুর্নীতির ব্যাপ্তি আরও বৃদ্ধি করার জন্য।
রিজভী বলেন, এক দিকে মানুষ সরকারের ভয়াবহ গণতন্ত্র হরণের দুঃশাসনের পিষ্ট ও নির্বাক। এর ওপর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে মানুষের জীবনযাত্রার ব্যয় আতিমাত্রায় বৃদ্ধি পেয়ে জনগনকে অতুল গহ্বরে ঠেলে দেওয়া হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হলে কৃষি ও শিল্প উৎপাদনেও ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে।
/এসটিএস/এফএস/