গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াই রাজনীতির প্রধান সংকট: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট এখন গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এই রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচার দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী ও জুলাইযোদ্ধাদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্পিকারকে আমরা বলেছি, দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিন। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

সভাপতির বক্তব্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আশা করছি সরকার আমাদের স্মারকলিপি বিবেচনায় নেবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে সংসদ চালানো যাবে না। জনগণের মত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকাও সম্ভব হবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আরও একটি জুলাই বিপ্লব হবে। তারপরও আমরা রাজপথ ছাড়ব না।

তিনি বলেন, গণহত্যার বিচার করতে হবে। বিচার না করলে জনগণ সরকারকে বাধ্য করবে। কারণ আপনারা জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আবদুল ওহাব মিনার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইন, ডেভেলপমেন্ট পার্টির দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, জাগপার ঢাকা মহানগরীর সভাপতি আসাদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দীন মোল্লা, প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মানববন্ধনে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। কর্মসূচির আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়াসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলীয় ঐক্যের নেতারা স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।